কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫ PM

বিশ্ব মান দিবস

কন্টেন্ট: পাতা

বাংলাদেশের বাজারে ফর্টিফাইড সয়াবিনে কোনো ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী
ভেজাল রোধে দেশব্যাপী বাড়বে বিএসটিআই’র নজরদারি
ঢাকা: (১৪ অক্টোবর ২০২৬ খ্রি.)

বাংলাদেশের বাজারে ফর্ডিফাইড সয়াবিনে কোনো ভারী ধাতু নেই বলে জানিয়েছে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত গবেষণা ফলাফলে সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে তিনি এ কথা জানান। শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই খোলাবাজার থেকে ১৯৩টি ফর্টিফাইড নমুনা সংগ্রহ করে নিজস্ব এ্যাক্রেডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা করে কোন নমুনাতে ভারী ধাতুর অস্তিত্ব পায়নি। বাংলাদেশের বাজারে সকল সয়াবিন তেল বিশুদ্ধ। এতে কোন ভারী ধাতু নেই।

আজ বুধবার অফিসার্স ক্লাব ঢাকা’য় বিশ্ব মান দিবস- ২০২৬ উপলক্ষে ‘Shared vision for a better world-Affordable and Clean Energy’ অর্থাৎ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিএসটিআই’র মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এফসিসিআই’র প্রশাসক জনাব মো. ফজলুল হক এবং অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বিএসটিআই পরিচালক (মান) মোঃ সাইদুল ইসলাম। বিশ্ব মান দিবসের আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ, আমদানি ও রপ্তানিকারকসহ মান প্রণয়নের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।


ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে নজরদারি জোরদার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআই’র জনবল বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিএসটিআই’র ব্যাপ্তি এমনভাবে বিস্তৃত করতে চাই, যাতে দেশের সকল জায়গায় তদারকি নিশ্চিত করা যায়।


উল্লেখ্য, বিশ্ব মান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ এ্যক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক হালাল সার্টিফিকেশন এ্যক্রেডিটেশন সনদ অর্জন করে বিএসটিআই। অনুষ্ঠানে শিল্পমন্ত্রীর মাধ্যমে বিএসটিআই মহাপরিচালক (সচিব) এর হাতে এ্যাক্রেডিটেশন সনদ তুলে দেন বিএবি’র মহাপরিচালক মো : আমিনুল ইসলাম। হালাল সার্টিফিকেশন এ্যাক্রেডিটেশন অর্জনের ফলে হালাল পণ্যের মান নিশ্চিতকরণ, সার্টিফিকেশন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসটিআই’র ন্যাশনাল হালাল ল্যাবরেটরি এ্যক্রেডিটেশন অর্জনের ফলে দেশীয় উৎপাদক ও রপ্তানিকারদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

অনুষ্ঠানে শিল্পসচিব আব্দুন নাসের খান বলেন, বিএসটিআইয়ের মানচিহ্ন দেখে একজন ক্রেতার মনে পণ্যের গুণগত মান ও নিরাপত্তা সম্পর্কে আস্থা তৈরি হওয়াই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অর্জন। যে কোনো অর্জন সরকারের একার পক্ষে সম্ভব নয়, এক্ষেত্রে সকলের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। মেইড ইন বাংলাদেশ যেনো পণ্যের মান, আস্থা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হয় সে লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে হবে।


নকল, ভেজাল ও বিএসটিআই’র মানচিহ্নের অবৈধ ব্যবহাররোধে পৃথক গোয়েন্দা ইউনিটের প্রয়োজীয়তার কথা তুলে ধরে বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, নকল ও ভেজালের প্রবণতা যেভাবে বাড়ছে, তা নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষায়িত এনফোর্সমেন্ট এন্ড ইন্টেলিজেন্স ইউনিট চালু করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করবে। তিনি বলেন, মান শুধু একটি কাগজের সনদ নয়, এটি নাগরিকের সঙ্গে রাষ্ট্রের আস্থার চুক্তি। রাষ্ট্রের সেই দায়িত্ব পালনের জন্য বিএসটিআই কাজ করে যাচ্ছে। একইসাথে তিনি বিএসটিআই’র বিভিন্ন সক্ষমতা ও অর্জনের কথা তুলে ধরেন।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে বিএসটিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী, সবুজ প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড বা মান প্রণয়ন এবং তা পরীক্ষণ সুবিধা সৃষ্টি নিসেন্দেহে এসডিজি বাস্তবায়নে বড় পদক্ষেপ।


এফসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক বলেন, বিএসটিআই’র হালাল সার্টিফিকেশনের এ্যাক্রেডিটেশন অর্জন নিশ্চই বৈশ্বিক হালাল পণ্যের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। নকল ও ভেজালরোধে নিজেদের স্বার্থে বিএসটিআইকে সকল দিক থেকে সহযোগিতা এবং শক্তিশালী করা প্রয়োজন বলে জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই প্রশাসক।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন